দীর্ঘদিন সংস্কার জমি ও ভবন না থাকায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল ডাকঘরটি বেহাল দশার কারনে কাঙ্ক্ষিত ডাক সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।
জানাগেছে, উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারে পুকুর পাড়ে একটি দুচালা টিনের ঘর তুলে কার্যক্রম চালানো হয়। এরপর অনেক বছর পেরিয়ে গেলেও নিজস্ব জমির অভাবে ভবনহীন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে কাজকর্ম। দীর্ঘদিন টিনের ঘর সংস্কার না করায় চালে মরিচা ধরছে ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ে।যেকোনো সময় ঘরটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আবার বিদ্যুৎ সংযোগ না থাকার গরমে ত্রাহি ত্রাহি অবস্থা। ঝড় বৃষ্টির দিনে টেবিল চেয়ার কাগজপত্র ভিজে নষ্ট হয়। ফলে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন কর্মকর্তা।
উপজেলা পোস্ট অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১১টি ইউনিয়নে ১১টি সাবপোস্ট অফিস রয়েছে। এর মধ্যে সাহরাইল বাজারের মাঠের পাশে পুকুর পাড়ে অবস্থিত ডাক ঘরটি। সাহরাইল বাজারে ডাকঘর প্রতিষ্ঠার পর থেকে ওই জরাজীর্ণ টিনের ঘরে ডাকঘরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন ঘরটি সংস্কার না করায় বর্তমানে সেটিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থা চললেও সংস্কারের জন্য কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে ডাকঘরের কর্মী ও সেবা নিতে আসা সাধারণ মানুষও ঝুঁকির মধ্যে পড়ছেন। এমন দৈন্যদশা উপজেলার অধিকাংশ পোস্ট অফিসের ঘর। জনবলের অভাবে ঠিকমত চিঠি বিলি করতে পারেনা। গ্রাহককে এসে চিঠি নিতে হয় বলে স্থানীয়রা জানান। ডাক বিভাগের অচলাবস্থার কারনে কর্মরত পোস্ট মাস্টার সপ্তাহে একদিন অফিসে করেন। প্রতি সপ্তাহে একদিন এসে চিঠি ও প্রয়োজনীয় ডকুমেন্ট বিলির কাজ করেন।
সাহরাইল ডাক ঘরের অধীনস্ত জয়মন্টপ ডাক ঘরের পোস্ট মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, জরাজীর্ণ ঘরে বসে কাজ করার মতো পরিবেশ নেই। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এমন ঝুঁকির মধ্যেই ডাক বিভাগের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সাহরাইল সাব পোস্ট মাস্টার সালমা আক্তার বলেন,অফিসের অবস্থা খুবই খারাপ। চাকরির স্বার্থে অনেক কষ্ট করে আমি দায়িত্ব পালন করছি। এগুলো দিয়ে এখন ঠিকমতো কাজ করা যায় না।
এ ব্যাপারে উপজেলা পোস্ট মাস্টার মো. কামাল হোসেন বলেন, জমি দাতা নেই তাই ভবন করা হচ্ছেনা। জমি পেলে ভবন করে দেয়া হবে। লোকবল সংকট জরুরি সমাধানে চিঠি পাঠানো হয়েছে।পর্যায় ক্রমে শাখা ডাকঘর গুলোর সংস্কারের কাজ শুরু হবে।
মতামত