চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে চার শতাধিক শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রাথমিক ওষুধ দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও সোহরাওয়ার্দী হল সংসদের যৌথ উদ্যোগে এবং ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের সহযোগিতায় এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে ডার্মাটোলজি, মেডিসিন ও নিউট্রিশন বিভাগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা দেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিনা মূল্যে প্রাথমিক ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী হল সংসদের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার এবং ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ ইউসুফ।
এ ছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালটির নিউট্রিশনিস্ট ডা. মো. ইকবাল হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ ফয়জুল ইসলাম, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কে. সামিয়া শিমু এবং ডা. মেহতাজ তাসনিম।
অনুষ্ঠানে চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি, জিএস, এজিএসসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সোহরাওয়ার্দী হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নুরুন্নবী সোহানের সঞ্চালনায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন হল সংসদের সহসভাপতি (ভিপি) নিয়ামত উল্লাহ আবরার ফারাবী।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ রাখতে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং প্রয়োজনের সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা নিয়ে সচেতনভাবে কথা বলা ও সময়মতো চিকিৎসা গ্রহণের ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় পরিবেশ গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশ।
আয়োজকেরা জানান, আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
মতামত