“সর্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ণ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ,মৌলভীবাজারের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মতিউর রহমান মজুমদার।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন,মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো নিরাপদ ও মানসম্মত বাসস্থান। পরিকল্পিত আবাসন নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব ও টেকসই নগর গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। নগরায়ণের ক্ষেত্রে অপরিকল্পিতভাবে আবাসন সম্প্রসারণ না করে নাগরিক সুবিধা,পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়গুলো সমন্বিতভাবে বিবেচনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন,একটি শহরের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। নিরাপদ বাসস্থান,যোগাযোগব্যবস্থা, পানি ও পয়ঃনিষ্কাশন,বর্জ্য ব্যবস্থাপনা, খোলা জায়গা এবং পরিবেশের ভারসাম্য নিশ্চিত করাও টেকসই নগরায়ণের গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে সরকারি সংস্থার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তারা মৌলভীবাজার জেলার আবাসন পরিস্থিতি,পরিকল্পিত নগরায়ণ,নিরাপদ ও সবার জন্য উপযোগী বাসস্থান নিশ্চিতকরণ এবং পরিবেশসম্মত নগর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন,ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের চাপ মোকাবিলায় এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করার পাশাপাশি জলাধার,কৃষিজমি ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা,বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ নির্দিষ্ট কজন সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত