নীলফামারীর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের নিরাপত্তা জোরদার ও চুরি হওয়া দুই দোকানের ক্ষতিপূরণ দাবিতে অবশেষে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। এর আগে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্লাজা সুপার মার্কেটের সামনে শেরে বাংলা সড়কে এ কর্মসূচি পালন করেন। এ সংবাদ লেখা পর্যন্ত (বিকেল ৫ টা) তাদের কর্মসূচি চলছে। দাবি আদায় না হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শত শত ব্যবসায়ী চেয়ার-টেবিল ও পাটি বিছিয়ে অবস্থান নেওয়ায় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, দিনের বেলায় মার্কেটের দুটি প্রতিষ্ঠানে তালা কেটে চুরির ঘটনায় মার্কেটের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা আছে। তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাদের। একই সাথে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ইনফিনিক্স মোবাইল শোরুম ও বিদ্যুৎ জুয়েলার্সের ব্যবসায়ীরা জানান, ১৫ সেপ্টেম্বর সকালে দোকানের তালা কেটে চুরি হয়। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ নির্বিকার। ফলে আজও কোন সুরাহা হয়নি। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা বলেন, চুরির ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
মতামত