নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে প্রায় ২০০ বছরের পুরোনো জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে দুই বৃদ্ধের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত দুই ভাইকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
শনিবার (৩ অক্টোবর) সরেজমিনে জানা যায়, উপজেলার চৈতান্যা এলাকায় দীর্ঘদিন ধরে জনসাধারণের ব্যবহৃত একটি পায়ে চলার রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ সামসুল হক ও তার ভাই রুহুল আমিন। তারা প্রতিপক্ষের বাড়ির সামনে পৌঁছালে মোহাম্মদ, আব্দুল্লাহ, শাহজালাল, সুলাইমান, আব্দুর রশিদ ও আবুল ফজলসহ কয়েকজন তাদের গতিরোধ করেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর ধারালো অস্ত্র ও লোহার শাবল দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।
হামলায় দুই ভাই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ মামলা নথিভুক্ত করেনি। এতে হামলার ঘটনায় আইনগত প্রতিকার পাওয়া নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের দাবি, সাধারণ মানুষের চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরি করে দেওয়ার পর পুরোনো রাস্তাটি বন্ধ করা হয়েছে। ফলে এতে জনসাধারণের চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। অভিযোগকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কহিনুর মিয়া জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
মতামত