মৌলভীবাজারের রাজনগরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটের দিকে রাজনগর সদর ইউনিয়নের গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সায়মন স্টোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সায়মন চৌধুরী (১৭) রাজনগর উপজেলার মেইন গড়গাঁও এলাকার সানু মিয়া চৌধুরীর ছেলে।
এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯,সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল রাজনগর এলাকায় অভিযান চালায়। রাত ৯টা ৫০ মিনিটের দিকে অনলাইন জুয়ার অভিযোগে ওই স্থানে একজনের অবস্থানের খবর পেয়ে অভিযানিক দলটি সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সায়মনকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে সায়মন স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কমিশনের বিনিময়ে কাজ করার কথা স্বীকার করেছে। সে বিভিন্ন ব্যক্তিকে অনলাইন জুয়ায় উৎসাহিত করত এবং জুয়ার অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠাত বলে জানায়। এ কাজে 1X, 1xPartners, 1xBet, 1XC, 1xCasino Partners, 1X Join 1xBet Partners ও Binance অ্যাপ ব্যবহারের তথ্যও পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন,২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে ও জব্দ করা আলামত রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
মতামত