প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো পতিত স্বৈরাচারের সহযোগীরা সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, প্রশাসনের কিছু ব্যক্তি সরকারের উন্নয়ন কার্যক্রমে বাধা তৈরি করছেন এবং বিভিন্ন উদ্যোগকে ধীরগতির করার চেষ্টা করছেন।
রামগঞ্জের জিয়া চত্বর থেকে সোনাপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক নির্মাণকাজের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এসব কথা বলেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় সাধারণ মানুষকে দুর্ভোগ ও যানজটের মুখে পড়তে হচ্ছে বলে উল্লেখ করেন সেলিম।
তার অভিযোগ, কিছু ঠিকাদারের অব্যবস্থাপনা, প্রতিশ্রুতি রক্ষা না করা এবং একাধিক কাজ একসঙ্গে নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যাপ্ত নজরদারির অভাব পরিস্থিতিকে আরও জটিল করেছে।
তিনি আরও জানান, ৪ আগস্ট লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংশ্লিষ্ট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাত দিনের মধ্যে ওই সড়কের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পার হলেও কাজের কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তিনি।
শাহাদাত হোসেন সেলিম বলেন, সরকার পরিচালনায় এখন আরও কঠোরতা প্রয়োজন। প্রশাসন থেকে পুরোনো প্রভাব ও অনিয়মের শিকড় দূর করে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
পরে সাংবাদিকদের তিনি বলেন, সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও প্রত্যাশিত ফল না পাওয়ায় ক্ষোভ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বক্তব্য দিয়েছেন।
উল্লেখ্য, শাহাদাত হোসেন সেলিম আগে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দল বিলুপ্ত করে তিনি বিএনপিতে যোগ দেন।
মতামত