চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে 'ফেরদৌস স্টিল' নামের জাহাজভাঙা কারখানায় এলএনজিবাহী স্ক্র্যাপ জাহাজের ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ড ও রিসাইক্লিং কারখানায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর ও চমেক হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে যে এ ঘটনায় মোট ৮ জন মারা গেছেন। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জনের মরদেহ আনা হয়েছে এবং ঘটনাস্থল থেকে বাকি ২ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
নিহত ৮ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—ভাটিয়ারী এলাকার বাসিন্দা সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত জাহাজটি একটি এলএনজি বহনকারী জাহাজ ছিল। নিয়ম অনুযায়ী এ ধরনের জাহাজের ট্যাংক আগে গ্যাসমুক্ত করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা করেনি। ট্যাংকে জমে থাকা ফ্লোরিন, কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই-অক্সাইডের সংমিশ্রণে সৃষ্ট তীব্র বিষাক্ত গ্যাসের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কারখানাটিতে শ্রমিকদের প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থার চরম ঘাটতি ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জাহাজের ভেতর বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্রমিকদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও নিহতদের স্বজনেরা বিক্ষুব্ধ হয়ে কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় জেলেদের মতে, গ্যাস লিকেজের তীব্রতা এত বেশি ছিল যে সমুদ্রের আধ কিলোমিটার দূর পর্যন্ত বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়েছিল।
মতামত