রাঙামাটির বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় চৌমুহনী কলেজ রোডে অবস্থিত বায়তুশ শরফ মার্কেটের দ্বিতীয় তলায় কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ফিতা কেটে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হাসান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে রিপোর্টার্স ইউনিটি বাঘাইছড়ির মানুষের কথা বলার পাশাপাশি এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন কার্যালয়টি সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংবাদ সংগ্রহ ও তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের অনিয়ম, অসঙ্গতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরাও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সত্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের মাধ্যমে বাঘাইছড়িতে সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সংগঠনটি স্থানীয় জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হাসান আলী অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, পেশাদার ও দায়িত্বশীলভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত