মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার তরা এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পৌলী, চাঁমটা ও খাগড়াকুড়ি গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে তিন ফসলি জমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে এলাকার কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়বে। এতে কৃষক পরিবারগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পৌলী, চাঁমটা ও খাগড়াকুড়ি গ্রামের ফসলি জমি ও বসতবাড়ি রক্ষার দাবি জানান।
মতামত