দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। কয়েক দফা কমার পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (১২ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। ওইদিন সকাল ১০টা থেকেই বর্ধিত মূল্য কার্যকর হয়েছে। ফলে বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের বাজারে নির্ধারিত এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। একই পরিমাণ ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে ১১ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা করা হয়েছিল।
বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এদিকে অলংকার তৈরিতে নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের নির্ধারিত এই দাম কার্যকর থাকবে।
মতামত