লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের গোয়ালঘর থেকে চুরি হওয়া একটি গরু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন তার বাড়ির আশপাশে জড়ো হয়ে ঘেরাও করে অবস্থান নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে ভোলাকোট ইউনিয়নের পাশের নলচরা গ্রাম থেকে এক দিনমজুরের একটি গরু চুরি হয়। গরু চুরির পর মালিকের স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে সেটির সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন।
এরই মধ্যে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের গোয়ালঘরে চুরি হওয়া গরুটির সন্ধান পাওয়া যায় বলে স্থানীয়রা দাবি করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন দেলোয়ার হোসেনের বাড়ির সামনে ও আশপাশে জড়ো হয়ে অবস্থান নেন।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং গরুটি নিজেদের হেফাজতে নেয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
তবে গরুটি কীভাবে ওই গোয়ালঘরে গেল এবং এর সঙ্গে দেলোয়ার হোসেনের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। গরুটি কীভাবে ওই গোয়ালঘরে গেল এবং ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
মতামত