ঢাকা: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ, ব্যাংক হিসাব এবং ব্যবসায়িক কার্যক্রমের নথি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সরবরাহ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে কমিশনের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদক সূত্রে জানা গেছে, সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিদেশে থাকা সম্পদ ও আর্থিক কার্যক্রমের তথ্য পেতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পারস্পরিক আইনি সহায়তা (MLAR) চাওয়া হয়েছিল। তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় প্রয়োজনীয় নথি, আর্থিক তথ্য কিংবা সম্পদ শনাক্ত ও জব্দের ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে এই ধরনের আইনি সহযোগিতা ব্যবস্থার ব্যবহার হয়।
দুদকের ওই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এফবিআই তথ্য সরবরাহ করেছে বলে জানিয়েছেন আকতারুল ইসলাম। তবে এফবিআইয়ের পাঠানো নথিতে ঠিক কী ধরনের সম্পদ, ব্যাংক হিসাব বা ব্যবসায়িক তথ্য রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি দুদক।
যুক্তরাষ্ট্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো সম্পদ ইতোমধ্যে জব্দ বা বাজেয়াপ্ত করা হয়েছে কি না, সে বিষয়েও কমিশনের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের মোট মূল্য সম্পর্কে জানতে চাইলে দুদকের কর্মকর্তা বলেন, তথ্য যাচাই ও পর্যালোচনার পর প্রয়োজন হলে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে।

এর আগে দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার একটি আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন দেশে থাকা সম্পদ জব্দের নির্দেশ দেন। আদালতের ওই আদেশে সাত দেশে থাকা সম্পদের মোট মূল্য ১ হাজার ৮২৪ কোটি টাকার বেশি বলে উল্লেখ করা হয়।
দুদকের আবেদনে যুক্তরাষ্ট্রে থাকা সম্পত্তির ক্রয়মূল্য প্রায় ৪৩৭ কোটি টাকা হিসেবে উল্লেখ করা হয়েছিল।
এদিকে একই ব্রিফিংয়ে দুদক জানিয়েছে, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী নাসরিন ইসলাম এবং তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের বিষয়ে আইল অব ম্যান কর্তৃপক্ষ আইনি সহায়তার অনুরোধ বাস্তবায়নের তথ্য দিয়েছে। সংশ্লিষ্ট সম্পদ অবরুদ্ধ করার বিষয়েও তথ্য পেয়েছে দুদক।
অন্যদিকে, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে তিন মাসের জন্য বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়ার আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
মতামত