দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুর ১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে।
রাষ্ট্রপতির সঙ্গে সফরে রয়েছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম। হেলিকপ্টার অবতরণের পর তাকে স্বাগত জানান রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক ও পুলিশ সুপার মো. বেলাল হোসেন। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলীও উপস্থিত ছিলেন। পাশাপাশি নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মোহাম্মদ খায়রুল কবির এবং সদস্য সচিব ড. শহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
পরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে পুলিশের একটি দল গার্ড অব অনার দেয়।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই মির্জা ফখরুলের প্রথম ঠাকুরগাঁও সফর। সফরের প্রথম দিন বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক সমাজের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, এর আগে কালীবাড়ির নিজ বাসভবনে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন রাষ্ট্রপতি। পাশাপাশি তিনি মা-বাবার কবর জিয়ারত এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কের পাশে দীর্ঘদিনের প্রত্যাশিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠান শেষে নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম নেওয়ার পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন তিনি।
মতামত