সাভারের আমিনবাজারে হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শক নিহত হয়েছেন। নিহত আলতাফ হোসেনের বয়স ৫৮ বছর। তিনি এসবির মালিবাগ জোনে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছেলে আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে ঘটনাটি ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, একটি গেঞ্জি কারখানার সামনে ব্যক্তিগত গাড়ি রাখা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলের সঙ্গে কয়েকজনের বিরোধ বাধে। একপর্যায়ে ১০ থেকে ১৫ জন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
আহত বাবা-ছেলেকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে আলতাফ হোসেনকে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে এসবি।
মতামত