নীলফামারীর সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি) রোবোটিক্স ও প্রযুক্তি উদ্ভাবনে জাতীয় পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে। ফিবোনাকি আন্তর্জাতিক রোবট ও এসটিইএম অলিম্পিয়াড-২০২৬-এর বাংলাদেশ জাতীয় পর্বে চ্যাম্পিয়ন ও দ্বিতীয় রানার্সআপ হওয়ার সাফল্য অর্জন করেছে এই বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ও মেকাট্রনিক্স ক্লাবের দুটি দল। এ সাফল্যের মাধ্যমে দল দুটি আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ফিবোনাকি আন্তর্জাতিক রোবট ও এসটিইএম অলিম্পিয়াড-২০২৬-এর বাংলাদেশ জাতীয় পর্ব। দিনব্যাপী ওই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। রোবোটিক্স, বিজ্ঞান, গণিত, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন ও উদ্যোক্তা দক্ষতার বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতীয় পর্বে বিএইউএসটির রোবোটিক্স ও মেকাট্রনিক্স ক্লাবের চারটি দল অংশ নেয়। এর মধ্যে সুমো রোবট বিভাগে একটি দল চ্যাম্পিয়ন এবং একই বিভাগে অপর একটি দল দ্বিতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। একই বিশ্ববিদ্যালয়ের দুটি দলের এমন সাফল্যকে বিএইউএসটির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় উদ্যোক্তা ও উদ্যোগ, স্বয়ংক্রিয় পথ অনুসরণকারী রোবট, সুমো রোবট, গোলকধাঁধা সমাধানকারী রোবট, ড্রোন র্যালি দৌড়, রোবো ফুটবল, গণিত অলিম্পিয়াড ও বিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন বিভাগ ছিল। এসব বিভাগে শিক্ষার্থীরা রোবট নির্মাণ, স্বয়ংক্রিয় প্রযুক্তি, সমস্যা সমাধান, বিজ্ঞান ও গণিতভিত্তিক জ্ঞান এবং উদ্ভাবনী চিন্তার দক্ষতা প্রদর্শন করে।
জাতীয় পর্বে চ্যাম্পিয়ন ও দ্বিতীয় রানার্সআপ হওয়া বিএইউএসটির দুটি দল এবার ইতালির রোমে অনুষ্ঠিতব্য ফিবোনাকি বিশ্ব চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অংশ নেবে। আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ওই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক এ পর্বে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ রোবোটিক্সপ্রেমী ও উদ্ভাবকেরা অংশ নেবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, ফিবোনাকির আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় ৩০টিরও বেশি দেশের অংশগ্রহণ রয়েছে। ফলে রোমে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পাবে বিএইউএসটির সফল দুটি দল।
জাতীয় পর্বে প্রতিযোগিতার পাশাপাশি রোবোটিক্স প্রদর্শনী, প্রকল্প ও রোভার প্রদর্শনী, আলোচনা সভা, অভিজ্ঞতা বিনিময় এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এসব আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার পাশাপাশি উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে ভূমিকা রাখে।
বিএইউএসটি, সৈয়দপুরের রোবোটিক্স ও মেকাট্রনিক্স ক্লাবের এ সাফল্যে বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, রোমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতার আরও উজ্জ্বল স্বাক্ষর রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরবে।
মতামত