নওগাঁ জেলা পুলিশ সুপারের সু নিপুন নির্দেশনায় নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে অত্র জেলার বদলগাছি থেকে চুরি হয়ে যাওয়া ইয়ামাহা R15 মোটরসাইকেল রংপুর জেলার পীরগঞ্জ থেকে সফলভাবে উদ্ধার করা হয়েছে বলে জানা যায় । এ ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে ও পাকড়াও করেছে পুলিশ।
পুলিশ সূত্রে প্রকাশ, বদলগাছি থানাধীন শ্রীকৃষ্ণপুর এলাকায় জনৈক হামিদুলের বাড়িতে বিয়ের নেমন্তন্নে ফুয়াদ নামের এক ব্যক্তি ইয়ামাহা R15 মোটরসাইকেল রেখে অংশ নেন। অনুষ্ঠান শেষে বাইরে এসে দেখতে পান, তার মোটরসাইকেলটি লাপাত্তা ।
বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বদলগাছি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ইউনিটকে ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের অবস্থান শনাক্ত করে জেলা গোয়েন্দা শাখা ও বদলগাছি থানার একটি বিশেষ দল রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে দুই সক্রিয় সদস্য পাকড়াও করা হয়।
চোরচক্রের দুই সদস্যরা হলো —রংপুরের মিঠাপুকুর থানার শীতলগাড়ী নয়াপাড়া গ্রামের উত্তম কুমারের ছেলে শ্যাম কুমার (২২) এবং পীরগঞ্জ থানার লালদিঘী আরিজপুর গ্রামের তোজাম্মেল মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৪১) ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শহিদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যাম কুমারের হেফাজত থেকে চুরি হ'য়ে যাওয়া ইয়ামাহা R15 মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের নওগাঁয় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত