বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিতে মিষ্টি মুখ করাতে নারকেলের নাড়ুর জুড়ি নেই। পূজা-পার্বণ কিংবা যেকোনো ঘরোয়া উৎসবে এই ঐতিহ্যবাহী খাবারটি স্বাদের পূর্ণতা এনে দেয়। শিশু থেকে বয়স্ক—সবার কাছেই নারকেলের নাড়ু সমান প্রিয়। অনেকেই ভাবেন নাড়ু তৈরি করা বেশ জটিল, তবে সঠিক নিয়ম জানা থাকলে খুব সহজেই ঘরে বসে তৈরি করা যায় এই সুস্বাদু খাবার।
প্রয়োজনীয় উপকরণ:
কোড়ানো নারকেল: ২ কাপ
চিনি: ১ কাপ
ঘি: ১ টেবিল চামচ
এলাচ: ২টি (গুঁড়া করা)
গুঁড়া দুধ: ১/২ কাপ
তরল দুধ: ১ কাপ
ময়দা: ২ চামচ
কাঠবাদাম কুচি: ১ চামচ
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে একটি কড়াই বা প্যানে কোড়ানো নারকেল, তরল দুধ ও চিনি একসঙ্গে দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। খেয়াল রাখতে হবে যেন প্যানের তলায় লেগে মিশ্রণটি বেশি বাদামি বা পোড়া না হয়ে যায়।
২. মিশ্রণটি সামান্য ঘন হয়ে এলে তার মধ্যে এলাচ গুঁড়া, গুঁড়া দুধ ও ময়দা যুক্ত করে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
৩. মিশ্রণটি আঠালো ও নাড়ু বাঁধার মতো উপযুক্ত হলে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দিন।
৪. এবার হাতের তালুতে সামান্য ঘি মেখে নিয়ে সামান্য ইষদুষ্ণ গরম থাকা অবস্থাতেই অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল গোল আকৃতিতে নাড়ু গড়ে নিন। উপর থেকে ছড়িয়ে দিতে পারেন কাঠবাদাম কুচি।
নাড়ুগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটি এয়ার টাইট কাচের বয়ামে সংরক্ষণ করুন। এভাবে সঠিক নিয়মে রাখলে বেশ কিছুদিন নাড়ু চমৎকার ও সতেজ থাকে।

মতামত