মৌলভীবাজারের রাজনগরে শিশু ধর্ষণ মামলার বাদী ও তার ছেলেকে মামলা তুলে নেওয়ার জন্য অব্যাহত হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের ভয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী মা ও তার শিশুসন্তান। এ ঘটনায় আইনি প্রতিকার ও নিজেদের নিরাপত্তা চেয়ে রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মামলার বাদী সীমা রাণী দাস (৩৫)।
অভিযোগে উপজেলার ১ নম্বর ফতেপুর ইউনিয়নের কাশিমপুর এলাকার কাওছার মিয়ার (৫০) নাম উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে বাদীর নাবালক ছেলে অন্তর দাসকে কাসিমপুর এলাকার কাওছার মিয়ার মালিকানাধীন ফিশারিতে কর্মরত হুমায়ূন মিয়া ধর্ষণ করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাজনগর থানায় একটি শিশু ধর্ষণ মামলা দায়ের করা হয়। বর্তমানে অভিযুক্ত হুমায়ূন মিয়া আদালতের মাধ্যমে কারাগারে আটক রয়েছেন।
প্রধান অভিযুক্ত কারাগারে যাওয়ার পর থেকেই ফিশারির মালিক কাওছার মিয়া বাদী পক্ষকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে শুরু করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২৮ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে বাদী সীমা রাণী দাস তার ছেলে অন্তর দাসকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাওছার মিয়ার ফিশারির সামনে পৌঁছামাত্র অভিযুক্ত কাওছার মিয়া তাদের গতিরোধ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ অশোভন আচরণ করেন।
এ সময় মামলাটি দ্রুত প্রত্যাহার না করলে বাদী ও তার ছেলেকে মারধর এবং গুরুতর জখম করার হুমকি দেওয়া হয়।
অভিযুক্তদের এমন হুমকিতে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী মা। আত্মীয়স্বজনদের সঙ্গে পরামর্শ করার পর তিনি নিজের এবং সন্তানের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনগর থানার শরণাপন্ন হন।
এ বিষয়ে রাজনগর থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত