পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বাস চলাচল গতকাল শনিবার রাত থেকে প্রায় বন্ধ আছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধের কারণে বাস চলছে না। এ ছাড়া গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে রাখায় যানবাহন চলাচল করতে পারছে না।
পরিবহনমালিক–শ্রমিক সূত্রগুলো বাংলা এফএমকে বলছে, পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলে বাস চালানোর জন্য ছয়টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ১৯ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পুলিশের প্রধান কার্যালয়ে চিঠি দিয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোয় নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। জায়গাগুলো হচ্ছে গোপালগঞ্জ মোড়, মোল্লারহাট মোড়, ঘোনাপাড়া, মুকসুদপুর, ভাটিয়া পাড়া ও খুলনা জিরো পয়েন্ট। এসব স্থানে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) পাহারা বসানোর অনুরোধ জানায় পরিবহন মালিক সমিতি।
গোপালগঞ্জ হয়ে খুলনা, বাগেরহাট, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় বাস পরিচালনা করা একটি কোম্পানির স্বত্বাধিকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল সন্ধ্যার পর তাঁরা ওই পথে কোনো বাস ছাড়েননি। গতকাল দিনের বেলায় একটি বাস ঢাকায় আসার পথে আক্রান্ত হয়। এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে কেউ কেউ সায়েদাবাদ ও ফুলবাড়িয়া থেকে বিকল্প হিসেবে পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি পথে অল্প কিছু বাস চালাচ্ছেন।
মতামত