বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) ক্যাম্পাসে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী 'মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ' কর্মশালা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ফ্যাক্ট চেকিং ও আধুনিক প্রযুক্তির জ্ঞান অপরিহার্য। মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে হলে সংবাদ প্রকাশের আগে তথ্যের সঠিকতা যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের কোনো বিকল্প নেই।
এমউপাচার্য আরও বলেন, গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ও তথ্যনির্ভর লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে। গুজব বা ভিত্তিহীন সংবাদের পরিবর্তে ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও প্রতিষ্ঠানের কল্যাণ বয়ে আনে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের আধুনিক প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য পিআইবি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান।পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। অনুষ্ঠানে বেরোবিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রশিক্ষণটি ২৪ নভেম্বর,২০২৬ থেকে ২৬ নভেম্বর, ২০২৬ পর্যন্ত চলবে।
মতামত