বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের তিনজন জায়গা পেয়েছেন। তারা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।
তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসনে জয় এনে দিয়ে তিনি প্রধানমন্ত্রী হন। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের নির্বাসন শেষে দেশে ফেরেন তিনি।
এ তালিকায় থাকা ড. হামিদা হোসেন একজন ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারকর্মী। ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর যুদ্ধের সময় নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসন এবং মানবাধিকার রক্ষায় কাজ করেন তিনি। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারপারসন।
অন্যদিকে, রাজিয়া সুলতানা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গাদের অধিকার রক্ষার পাশাপাশি নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা এবং মানবপাচারের ঘটনা তুলে ধরতে কাজ করছেন তিনি। রোহিঙ্গা নারীদের সহায়তার জন্য তিনি ‘রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটি’ প্রতিষ্ঠা করেন।
বছরের সেরা পুরুষ ও নারী
২০২৭ সালের সংস্করণে ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পুরুষ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ও শিশু চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। গাজায় যুদ্ধের মধ্যে রোগীদের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া এবং ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
অন্যদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা নারী নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের স্কুলে হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। তার সঙ্গে ওই হামলায় নিহত সহপাঠী ও শিক্ষকদেরও সম্মাননার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকাশনায় বলা হয়েছে, হামলার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলেও বক্তব্য দিয়েছেন।
যেভাবে তৈরি হয় তালিকা
‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশনার এবারের সংস্করণটি ১৮তম বার্ষিক আয়োজন। এতে বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের তুলে ধরা হয়েছে।
তালিকায় ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যক্তিদের প্রভাব বিবেচনা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা, বই প্রকাশ, জনমত, বিশেষজ্ঞদের মতামত এবং দীর্ঘমেয়াদি অবদানও মূল্যায়নের অংশ।
প্রকাশনাটিতে প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে তালিকাভুক্ত করা হয়েছে। এসব শ্রেণির মধ্যে রয়েছে ধর্মীয় পণ্ডিত, রাজনীতিবিদ, ধর্মীয় প্রশাসন, ধর্মপ্রচারক, দাতব্য কার্যক্রম, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, কোরআন তিলাওয়াত, গণমাধ্যম এবং খেলাধুলা।
প্রকাশক সংস্থাটি জানিয়েছে, তালিকায় কারও নাম থাকা মানেই তার মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন নয়। বরং মুসলিম বিশ্বে ওই ব্যক্তির প্রভাব পরিমাপ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
মতামত