তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রতি বিদেশিদের আগ্রহের কথা জানতে পারেন তিনি। পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিনি প্যাভিলিয়নটি পরিদর্শনে যান। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন ধরনের পাটজাত পণ্য ঘুরে দেখেন। এ সময় কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের পাটজাত পণ্য সম্পর্কে তাদের আগ্রহের কথা জানতে চান। শিক্ষার্থীরা জানান, এসব পরিবেশবান্ধব পণ্য সম্পর্কে আরও জানতে এবং এ বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী তারা।
এ সময় তারেক রহমান বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্যাভিলিয়নের দায়িত্বে থাকা ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, ছোটখাটো সামগ্রী, জুতা ও ব্লেজারসহ মোট ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। পরিবেশবান্ধব এসব পণ্যের আন্তর্জাতিক বাজারে ভালো সম্ভাবনা রয়েছে।
তারা আরও জানান, বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটপণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন। তাদের অনেকেই বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
মতামত