রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ
এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা করেছে বিএনপি।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে
উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ
কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন পাট্টা
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরিফুল ইসলাম, প্যানেল
চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ
সম্পাদক আবু মাসুম, সাংগঠনিক সম্পাদক মো. মারুফ হাসান
সুমন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ওয়াজেদ আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব ও ছাত্রদলের সভাপতি তৌহিদুল ইসলামসহ
স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন,
গত মঙ্গলবার রাতে পাট্টা ইউনিয়নের পুঁইজোর বাজারে নিষিদ্ধ আওয়ামী
লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারবিরোধী মিছিল
করেন। ওই মিছিলে দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের ভাই রনি
বিশ্বাস অংশ নেন। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া করেন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে
নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা অস্ত্রধারী
সন্ত্রাসীরাই রবিনের বাড়িতে হামলা চালান এবং এ হামলার ঘটনায় বিএনপির কোনো
সম্পৃক্ততা নাই বলে দাবি করেন তাঁরা।
বক্তারা আরও অভিযোগ করেন,
রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস স্থানীয় কৃষক লীগের
সভাপতি, রবিন সাবেক ইউনিয়ন ছাত্রলীগের কর্মী এবং তাঁর ভাই
রনি বিশ্বাস যুবলীগের সক্রিয় সদস্য। তাঁদের দাবি, রবিন ও
তাঁর ভাইয়ের কর্মকাণ্ডে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। রনি মাদক কারবারে
জড়িত এবং অতীতে ইয়াবাসহ গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছিলেন বলেও অভিযোগ করেন
তাঁরা।
সাংবাদিক রবিনের বাড়িতে হামলার
ঘটনাকে কেন্দ্র করে দৈনিক যুগান্তরের সাংবাদিক রবিন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার
চালাচ্ছেন বলে দাবি করেন বক্তারা। তাঁরা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত
করতে বিএনপি কাজ করেছে। অথচ রবিন পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে
বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। এ ধরনের সংবাদকে তাঁরা হলুদ সাংবাদিকতা বলেও
উল্লেখ করেন।
বক্তারা পুঁইজোরে ককটেল বিস্ফোরণ,
মিছিল ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের
দাবি জানান। পাশাপাশি প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে দলীয়ভাবে প্রতিরোধ গড়ে
তোলার হুঁশিয়ারি দেন।
প্রতিবাদ মিছিল ও সভায় পাট্টা ইউনিয়ন
বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য,
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে পাট্টা ইউনিয়নের
গোলাবাড়ি গ্রামে দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের
বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের চার সদস্যকে মারধরের
অভিযোগ ওঠে। এতে রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা
খাতুন আহত হন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আব্দার জেলের নেতৃত্বে তাঁর ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ৩০ জন হামলায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
মতামত