নীলফামারীর ডোমার উপজেলার ১ নং ভোগডাবুড়ী ইউনিয়নে ফসল উৎপাদনে সারের পরিমিত ব্যবহার নিশ্চিত ও কৃষক পর্যায়ে নির্বিঘ্নে সার প্রাপ্তির লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ ও সার কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটতলী ফোরকানিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২৮০ জন কৃষকের মাঝে এ সার কার্ড বিতরণ করা হয়।
ডোমার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফায়জুল বারী, স্বপন কুমার রায়, লিটন মহন্ত, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু ও সাবেক ইউপি সদস্য লিটন ইসলামসহ স্থানীয় কৃষকরা।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, ডিলারদের কাছ থেকে কৃষকরা যেন সঠিকভাবে ও নিয়ম অনুযায়ী সার পেতে পারেন, সে লক্ষ্যেই সার কার্ড বিতরণ করা হচ্ছে। বর্তমান সরকার কৃষকবান্ধব। কৃষকদের কল্যাণের কথা বিবেচনা করেই সার কার্ড ও কৃষক কার্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি কৃষকদের বিভিন্ন কৃষি বিষয়ক পরামর্শ দেন।
ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, দেশে সারের কোনো সংকট নেই। কৃষকদের জমির পরিমাণ ও প্রয়োজন অনুযায়ী সঠিকভাবে সার বিতরণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি কৃষকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, যাদের জমি নেই, তারাও যেন অযথা সারের লাইনে দাঁড়িয়ে প্রকৃত কৃষকদের ভোগান্তিতে না ফেলেন। পাশাপাশি সার নিয়ে কোনো ধরনের গুজব ছড়ানো হলে সম্মিলিতভাবে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের সঠিক তথ্যের ভিত্তিতে সার বিতরণ কার্যক্রম পরিচালনা এবং সারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত