ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৭ নভেম্বর থেকে এ রুটে ফ্লাইট চলাচল শুরু হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ঢাকা-দাম্মাম রুটে প্রতিদিন দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে।
এদিকে, রিয়াদগামী যাত্রীদের বড় একটি অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় এ রুটে যাত্রীর সংখ্যা কমে গেছে। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।
মতামত