শীত মৌসুমে ব্যবসা-বাণিজ্যের সুবিধার কথা বিবেচনা করে রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কাছে আবেদন করেছে সংগঠনটি।
রোববার (১ নভেম্বর) সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ আবেদন জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন মার্কেট ও দোকান সন্ধ্যা ৬টা, ৭টা কিংবা রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হচ্ছে। এতে দীর্ঘ সময় ধরে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। ক্রেতা কমে যাওয়ায় ঢাকার দুটি বড় বিপণিবিতান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। আরও অনেক বিপণিবিতান বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।
দোকান মালিক সমিতির আবেদনে বলা হয়, বর্তমানে বিদ্যুৎ–সংকট কমে এসেছে এবং শীত মৌসুম শুরু হতে যাচ্ছে। এ সময় ব্যবসা-বাণিজ্য কিছুটা ভালো হয়। তাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কথা বিবেচনা করে রাত ৮টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখা প্রয়োজন।
মতামত