নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছয় বছর বয়সী ছেলে রাজিন নিহত হয়েছে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা। তিনি কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ এক নারী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শাহীন ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত নারীর অবস্থাও আশঙ্কাজনক।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত