স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ির পাশে ফের ভাট্রি কারখানা স্থাপনের অভিযোগ উঠেছে স্থানীয় বিকল্পধারা নেতা জহিরুল ইসলাম ও তার ছেলে জুবায়েরের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, উত্তর পাথরঘাটা নদীর পাশে এবং জনবসতিপূর্ণ এলাকার নিকটে তারা একটি ভাট্রি কারখানা স্থাপন করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে কয়েকদিন আগে অভিযান চালিয়ে কারখানাটি ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে লোকালয়ে পুনরায় এ ধরনের অবৈধ স্থাপনা না করার জন্য সংশ্লিষ্টদের নিষেধ করা হয়।
তবে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জহিরুল ও তার ছেলে জুবায়ের ফের অন্যের জমিতে জোরপূর্বক ভাট্রি কারখানা স্থাপনের কাজ শুরু করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। এতে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, বসতবাড়ির কাছে ভাট্রি স্থাপনের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে। প্রশাসন একবার কারখানা ভেঙে দেওয়ার পরও কীভাবে আবার একই স্থানে স্থাপনা নির্মাণের কাজ চলছে—এ নিয়ে তারা প্রশ্ন তুলেছেন।
তারা বিষয়টি তদন্ত করে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জহিরুল ইসলাম বলেন, "কারখানা সেরকমই আছে তবে অনুমতি নিয়ে চালু করমু"।
মতামত