চার বছরের পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের মনে জায়গা করে নিয়েছে জাতীয় দৈনিক কালবেলা। নানা চ্যালেঞ্জ পেরিয়ে পঞ্চম বছরে পদার্পণ করা পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন নওগাঁর বিশিষ্ট সাংবাদিক, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রনেতারা। তাঁদের মতে, সত্য প্রকাশে সাহসী ভূমিকা, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার মধ্য দিয়ে কালবেলা ইতিমধ্যে গণমাধ্যমের জগতে ভালো অবস্থান তৈরি করেছে।
‘অগ্রযাত্রার ৪ বছর’ প্রতিপাদ্যে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
এর আগে দুপুর ১২টায় জেলা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাদেকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সাংবাদিক রিফাত হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক নবির উদ্দিন এবং ছাত্রনেতা ফজলে রাব্বি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলার রাণীনগর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ও নওগাঁ জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামানিক। তাঁরা আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভায় জ্যেষ্ঠ সাংবাদিক শেখ আনোয়ার হোসেন ও নবির উদ্দিন বলেন, মাত্র চার বছরের পথচলায় দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে। ইতিমধ্যে পত্রিকাটি গণমাধ্যমে ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আগামী দিনেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে দেশের সমৃদ্ধি ও উন্নয়নে ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা করেন।
ছাত্রনেতা ফজলে রাব্বি বলেন, যেখানে অনিয়ম ও দুর্নীতি, সেখানে সাহসিকতার পরিচয় দিয়ে এগিয়ে যাচ্ছে কালবেলা। নতুন আঙ্গিকে যাত্রা শুরুর মাত্র চার বছরের মধ্যেই পত্রিকাটি মাল্টিমিডিয়া সাংবাদিকতায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি বলেন, নওগাঁর ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা, অর্জন ও সমস্যাগুলোও কালবেলায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। জেলার ভালো দিকের পাশাপাশি যেসব ক্ষেত্রে অনিয়ম রয়েছে, সেগুলোও বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করতে হবে। ভবিষ্যতেও পত্রিকাটি বর্তমান ধারাবাহিকতা বজায় রেখে জনস্বার্থে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম বলেন, সাহসিকতা, দৃঢ়তা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে দৈনিক কালবেলা মাত্র চার বছরে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছে। সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নানা বাধার মুখে পড়তে হয়। তবে সেই বাধা অতিক্রম করে সত্য তুলে ধরতে পারলেই মানুষের আস্থা অর্জন করা সম্ভব।
তিনি আরও বলেন, সত্য প্রকাশের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানের পথ তৈরি করা যায়। কিন্তু ভয়ের কারণে সত্য প্রকাশ থেকে বিরত থাকলে সমস্যার সমাধান সম্ভব নয়। তাই জনস্বার্থে সাংবাদিকদের সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় পুলিশ সুপারকে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাদেকুল ইসলাম। একই সঙ্গে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পুলিশ ও সাংবাদিকদের অনেকেই একে অপরের প্রতিপক্ষ মনে করলেও তিনি বিষয়টি এভাবে দেখেন না। পুলিশ ও গণমাধ্যম একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। উভয় প্রতিষ্ঠানই নিজ নিজ অবস্থান থেকে জবাবদিহি নিশ্চিত করা এবং জননিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখে। তাই পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, নওগাঁয় যোগদানের পর থেকেই সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছেন। সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া যায়, যা দায়িত্ব পালনে সহায়ক। তবে পুলিশের শুধু সাফল্য নয়, ভুলত্রুটি ও সীমাবদ্ধতাও গণমাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে কেবল নেতিবাচক সংবাদ প্রকাশ না করে ইতিবাচক ও নেতিবাচক—উভয় ধরনের সংবাদই গুরুত্বের সঙ্গে প্রকাশ করা প্রয়োজন।
পুলিশ সুপার আরও বলেন, তিনি বিশ্বাস করেন, নওগাঁর সাংবাদিকেরা নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করবেন। দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকীতে আমন্ত্রণ জানানোর জন্য পত্রিকাটির সংশ্লিষ্ট সাংবাদিকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘কালবেলা হোক গণতন্ত্রের পক্ষে, কালবেলা হোক জনগণের পক্ষে।’ আগামী দিনেও পত্রিকাটি ধারাবাহিকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে দৈনিক কালবেলার চার বছরের সাফল্য উদ্যাপন উপলক্ষে কেক কাটা হয়। এ সময় কালবেলার জেলা প্রতিনিধিরা প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে দৈনিক কালবেলার রাণীনগর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, আত্রাই উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন সেন্টু, মান্দা উপজেলা প্রতিনিধি রইচ উদ্দিন, মহাদেবপুর উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন, পোরশা উপজেলা প্রতিনিধি আমির উদ্দিন বাবু, নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি ইমরান ইসলাম ও ধামইরহাট উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেনসহ নওগাঁয় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
মতামত