ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ নিয়ে অনিয়মের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মন্ত্রীদের স্বজনদের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সমালোচনা করেন।
স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজটি পেয়েছে।
তিনি আরও লেখেন, দেশে কর্মসংস্থান, বাজারে স্বস্তি ও বিনিয়োগের সংকটের মধ্যে মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সামনে আসছে। কখনো মন্ত্রীর ছেলে, কখনো স্ত্রী, আবার কখনো ভাইয়ের নাম এসব অভিযোগে আলোচনায় আসছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, একদিকে জনগণকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যদিকে ক্ষমতাবানদের স্বজনদের ঘিরে হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠছে।
স্ট্যাটাসের শেষে হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তোলেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান?’
মতামত