বাংলাদেশের তরুণ নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে রাশিয়ার পরপর দুটি আন্তর্জাতিক যুব আয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আমন্ত্রণ পেয়েছেন প্রশিক্ষক, পাবলিক স্পিকার ও যুব উন্নয়নকর্মী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সাবিতা বিনতে আজাদ শিফা।
আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিতব্য International Festival of Youth 2026 উপলক্ষ্যে এই আমন্ত্রণ পেয়েছেন তিনি।
আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এই উৎসব প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনায় অনুষ্ঠিত হচ্ছে এবং এর আয়োজক রাশিয়ার Federal Agency for Youth Affairs (Rosmolodezh) ও Sverdlovsk Region Government। যেখানে রাশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার তরুণ নেতা অংশ নেওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক এই উৎসবে বিভিন্ন দেশের তরুণ নেতা, উদ্যোক্তা, বিজ্ঞানী, শিক্ষাবিদ, সৃজনশীল শিল্পী, গণমাধ্যমকর্মী, আইটি ও ডিজিটাল খাতের পেশাজীবী এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত তরুণদের অংশগ্রহণের সুযোগ থাকছে।
এরপর ১৭ থেকে ২২ সেপ্টেম্বর আরও একটি আন্তর্জাতিক যুব কর্মসূচিতে অংশ নেবেন শিফা। রাশিয়া, আবখাজিয়া ও সাউথ ওসেটিয়ার সঙ্গে সম্পৃক্ত এ আঞ্চলিক কর্মসূচির মূল আয়োজন হবে রাশিয়ার Veliky Novgorod-এ।
দুটি আয়োজনে অংশগ্রহণের পাশাপাশি দ্বিতীয় কর্মসূচিতে নিজের প্রতিষ্ঠিত Global Village Empowerment-এর তরুণদের জন্য নেওয়া প্রকল্প, এর কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক পর্যায়ের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করবেন শিফা। তার লক্ষ্য, তরুণদের Soft Skills, নেতৃত্ব, যোগাযোগ ও পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও প্রস্তুত করে তোলা।
জানা যায়, এটি হবে সাবিতা বিনতে আজাদ শিফার রাশিয়ায় চতুর্থ সফর। এর আগে ২০২৪ সালেও তিনি রাশিয়ার একটি আন্তর্জাতিক যুব আয়োজনে অংশ নিয়েছিলেন। ওই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতাদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হয়েছিল বলে জানান শিফা।
শিফা বর্তমানে STS Group-এর Training, Development and Research-এর In-Charge হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানে Training and Development, Leadership এবং Public Speaking Development-সংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি পেশাগত উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগেও তিনি কাজ করছেন। তার দায়িত্বের সঙ্গে ISD, Glenrich International School, Universal College Bangladesh, Educo Pathway ও Evercare Hospital-এর মতো প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমও সম্পৃক্ত।
সামাজিক বিজ্ঞান বিভাগের সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক শিফা আন্তর্জাতিকভাবে স্বীকৃত Soft Skills Trainer হিসেবেও কাজ করছেন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে ১০০টির বেশি প্রতিষ্ঠানের আমন্ত্রণে বক্তৃতা, প্রশিক্ষণ ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অনলাইন ও অফলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ৭ লাখের বেশি তরুণের কাছে Soft Skills Education পৌঁছে দিয়ে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, পেশাগত উন্নয়ন ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে নিয়মিত কাজ করছেন শিফা।
২০২৫ সালে STS Group-এ যোগ দেওয়ার পর থেকে তিনি সরাসরি ৬০০-এর বেশি সিনিয়র ও উচ্চপর্যায়ের নেতাকে প্রশিক্ষণ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে ৫ হাজারের বেশি অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করেছেন বলে জানান তিনি।
নিজের প্রতিষ্ঠিত Global Village Empowerment-এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে অন্তত ১ লাখ বাংলাদেশি তরুণ-তরুণীকে সরাসরি ও In-Person প্রশিক্ষণের মাধ্যমে Soft Skills-এ দক্ষ করে তোলার লক্ষ্য রয়েছে শিফার।
এবারের আন্তর্জাতিক সফর নিয়ে সাবিতা বিনতে আজাদ শিফা বলেন, রাশিয়ার দুটি ভিন্ন আন্তর্জাতিক যুব আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি তরুণদের জন্য তার প্রকল্পটি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বাংলাদেশের তরুণদের সম্ভাবনা, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চান তিনি।
উল্লেখ্য, গত বছর রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি কর্পোরেশন ‘রোসাটম’ স্বীকৃত বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় স্থান পেয়ে আলোচনায় আসেন বাংলাদেশের এই যুব উন্নয়নকর্মী সাবিতা বিনতে আজাদ শিফা।
মতামত