আব্দুল লতিফ মৃধা, বিশেষ প্রতিনিধি:
তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও সৃজনশীল সমাজ গঠনে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, তরুণদের মাঠমুখী করা এবং তাদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রয়োজন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুল হাবিব দুলু বলেন, একসময় লালমনিরহাটে জেলা প্রশাসকের উদ্যোগে নিয়মিত ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হতো। কিন্তু দীর্ঘদিন ধরে সেই ধারাবাহিকতা বন্ধ ছিল। দীর্ঘ সময় স্টেডিয়ামটি তালাবদ্ধ থাকায় মাঠ ঘাস ও আগাছায় ভরে গিয়েছিল। বর্তমানে মাঠটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজানো হয়েছে। এর মধ্য দিয়ে জেলার ক্রীড়াঙ্গনকে আবারও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে তাদের জন্য সুস্থ বিনোদন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করা জরুরি। তরুণদের একটি অংশ বিভিন্ন কারণে মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে। তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে। এ জন্য পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে। তাদের এই আগ্রহকে কাজে লাগিয়ে নিয়মিত খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। শুধু প্রতিযোগিতার আয়োজন করলেই হবে না, খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখাও জরুরি। কিশোর ও তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হলে তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারবে।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মাধ্যমে কিশোরদের মধ্যে ফুটবলচর্চা বাড়বে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
টুর্নামেন্টের সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সার্বিক পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মাঠমুখী করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, শিশু-কিশোরদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ থাকা প্রয়োজন। এসব কর্মকাণ্ড তাদের শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি ও দায়িত্বশীলতা বিকাশে সহায়তা করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তারা সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হতে পারে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সন্তানদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করতে হবে। তাদের নিয়মিত খেলার মাঠে আসার সুযোগ করে দিতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হবে।
তিনি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে জেলার কিশোর ফুটবলারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুল হাকিম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মর্নিং স্টার ফুটবল একাডেমির মুখোমুখি হয় বড়বাড়ি বসুন্ধরা ক্রীড়া চক্র। খেলায় মর্নিং স্টার ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় বড়বাড়ি বসুন্ধরা ক্রীড়া চক্র।
আয়োজক সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ মোট ১৬টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলার কিশোর ফুটবলাররা নিজেদের দক্ষতা প্রদর্শন এবং প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
মতামত