প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে সামনে রেখে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছে বাংলাদেশ। এ জন্য দিল্লির কাছে কয়েকটি বিষয়ে সহযোগিতা চেয়েছে ঢাকা।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র এ কে এম শহীদুল করিম জানান, তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। তবে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের পর সফর আয়োজনের প্রক্রিয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত পাঠানোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়েও সহযোগিতা চেয়েছে ঢাকা।
এ ছাড়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত মার্চে ভারতের পশ্চিমবঙ্গ থেকে এ ঘটনায় সন্দেহভাজন দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল।
মুখপাত্র বলেন, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ প্রয়োজন। সম্ভাব্য প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে বাংলাদেশ এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
মতামত