নারীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, এ শিক্ষার সব খরচ সরকার বহন করবে। পাশাপাশি ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।
রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষায় পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের উচ্চশিক্ষায় আরও বেশি সুযোগ তৈরি করতেই অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি নারী শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে দেশের নেতৃত্বে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্যও সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দরিদ্র পরিবারের শিশুদের প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার উদ্যোগের কথা জানান তিনি। প্রায় এক কোটি ২০ লাখ শিশুকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন।
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পরিবারের দায়িত্বে থাকা নারীদের পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে এ কার্ড পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতামত