সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আরো দুটি অবিস্ফোরিত বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয় এলাকায় আকর্ষিকভাবে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানাসহ দলীয় একাধিক নেতাকর্মীরা জানান, রাতে কোনো একসময় বিএনপি কার্যালয় লক্ষ্য করে অজ্ঞাত দূ:স্কৃতিকারিরা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনার পরপরই স্থানীয়রা সেখানে জড়ো হন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে রাতেই খবর পেয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল নিরাপদ করে ভোরে বোমা সাদৃশ্য বস্তু দুটি নিয়ে আসেন। ওসি জানিয়েছেন, এঘটনায় কোন মামলা হয়নি তবে পুলিশ গভীরভাবে তদন্ত করছে।
এদিকে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড (দাঁদপুর) বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ আগস্ট দিবাগত রাত দুইটার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে এ আগুন দেয় বলে অভিযোগ করা হয়েছে।
অগ্নিকান্ডে বিএনপি কার্যালয়সহ পাশের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। কুল্যা ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান উল্লাহ জানান, রাতের বেলা স্থানীয়রা আগুন দেখতে পেয়ে খবর দেন।
পাশের দোকান মালিক শাহেদ আলীর আরও ৩০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।##
মতামত