বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা জানিয়েছে, সফরের আগে অনুকূল পরিবেশ নিশ্চিত না হলে প্রধানমন্ত্রী ভারত যাবেন না।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি চায় বাংলাদেশ।
এর মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তসহ অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, এসব বিষয়ে অনুকূল পরিবেশ তৈরির জন্য ইতোমধ্যে দিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা। বাংলাদেশের প্রত্যাশা, প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার আগে এসব বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলার মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন অবস্থানের কথা জানানো হলো। ফলে সফরটি কবে এবং কোন প্রেক্ষাপটে হবে, তা এখন অনেকটাই নির্ভর করছে ঢাকা-দিল্লির আলোচনার অগ্রগতির ওপর।
মতামত