ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন একটি ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই হাসপাতালে নবনির্মিত ১৫ তলা বিশিষ্ট ভবনটির ফলক উন্মোচন করেন তিনি। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং মোনাজাত, বেলুন ও পায়রা ওড়ানোসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন।
এ সময় তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই ৫০০ বেড যুক্ত হওয়ার মাধ্যমে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা ১ হাজারে উন্নীত হলো। সংশ্লিষ্টদের মতে, স্নায়ুরোগের বিশ্বমানের চিকিৎসাসেবায় এটি এখন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিশেষায়িত ইনস্টিটিউট।
উল্লেখ্য, ২০১২ সালে ১০ তলা বিশিষ্ট ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় শয্যাসংখ্যা ৫০০-এ উন্নীত করা হয়েছিল। নতুন এই সংযোজনের ফলে দেশের নিউরো রোগীদের চিকিৎসা প্রাপ্তি আরও সহজ ও বিস্তৃত হবে।
মতামত