কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ এক কারবারিকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ইসমাইল। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কেসকপুর এলাকার আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টোক তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাইন উদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক রফিকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আড়ালিয়া এলাকা থেকে ইসমাইলকে আটক করা হয় এবং তার কাছে থাকা কস্টেপে মোড়ানো কয়েকটি প্যাকেটে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে টোক ফাঁড়ির ইনচার্জ মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ইসমাইলকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মতামত