আগামী ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় এক দিনের ছুটি থাকবে। তবে এ ছুটি সরকারি-বেসরকারি অফিসসহ অন্যান্য কর্মস্থলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি স্বাভাবিক কর্মদিবস হিসেবে থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকায় ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় দিনটি সাধারণ ছুটি হিসেবে রাখা হয়নি।
এ কারণে ২৩ সেপ্টেম্বর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কর্মসূচি অনুযায়ী অফিস করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ২৩ সেপ্টেম্বরের ছুটি শেষে পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে নিয়মিত ক্লাস ও কর্মস্থলে ফিরতে হবে।
তবে কেউ ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিতে পারলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হতে পারে। সে ক্ষেত্রে ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে ২৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত ছুটি পাওয়া সম্ভব।
এদিকে ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় ওই দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর শনিবার শুভ মধু পূর্ণিমা। তবে দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে অতিরিক্ত কোনো ছুটি যুক্ত হচ্ছে না।
মতামত