নীলফামারীর ডোমার উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ৩ লাখ টাকা চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম চিকনমাটি মাদরাসাপাড়া এলাকায় নীলফামারী এনডিসির গাড়িচালক মিলন ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা বাড়ি থেকে প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
এরপর সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ডোমার ওয়াটার পার্ক সংলগ্ন এলাকায় জাকির হোসেনের মুদি দোকানের তালা ভেঙে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় দোকান থেকে নগদ প্রায় ২ লাখ টাকা নিয়ে যায় তারা।
অপরদিকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মির্জাগঞ্জের মফিজ উদ্দীনপাড়া এলাকায় তছলিম উদ্দীনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির তালা ভেঙে চোরেরা প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।
তিনটি ঘটনায় মোট সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ২ লাখ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
মতামত