রাঙামাটি জেলা সদরের একটি লোকালয় থেকে উদ্ধার করা ৯ ফুট দৈর্ঘ্যের এবং প্রায় ৮ কেজি ওজনের একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানের সংরক্ষিত গভীর বনে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানের উপস্থিতিতে সাপটি নিরাপদে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়।
এর আগে সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ফরেষ্টার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বনকর্মীদের একটি দল রাঙামাটি সদর হাসপাতাল এলাকা থেকে অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে সেটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের প্রাকৃতিক আবাসে অবমুক্ত করা হয়।
অজগর অবমুক্ত করার সময় কাপ্তাই বন রেঞ্জের বিভিন্ন বিট কর্মকর্তা ও বন বিভাগের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মতামত