স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধী দলগুলোর আচরণ ও কথার ধরন ক্ষমতাচ্যুত সরকারের সাথেই মিলে যাচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা ঠিক আগের মতো করেই কথা বলা শুরু করেছে।
রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা ‘লাভ শেয়ার বিডি’-র অর্থায়নে বাস্তবায়িত ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর উদ্বোধন এবং রংপুর অঞ্চলের ২৫ জনের হাতে চা-ঘরের সনদপত্র তুলে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্য দেওয়ার আগে মন্ত্রী নির্বাচিত ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চা-ঘরের অনুমোদনপত্র হস্তান্তর করেন। আয়োজকরা জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নত করতে এবং তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, দেশকে একসময় ধ্বংসের কিনারায় ঠেলে দেওয়া হয়েছিল। বর্তমানে সেই বিপর্যস্ত প্রশাসন ও অর্থনীতিকে একটি নিয়মের মধ্যে ফিরিয়ে আনার নিরলস প্রচেষ্টা চলছে।
জ্বালানি ও গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, গত কয়েক বছর ধরে দেশ এক কঠিন জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পূর্বের শাসনামলে নতুন করে গ্যাস অনুসন্ধান কিংবা উত্তোলনের কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমান সরকার বাপেক্সকে সক্রিয় করে পুনরায় গ্যাস অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের জ্বালানি চাহিদা মেটাতে বিদেশ থেকে তেল ও গ্যাস আমদানি করতে হয়, যার পেছনে প্রতি বছর বিলিয়ন ডলার খরচ হয়। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈশ্বিক নানা সংকটের কারণে জ্বালানির আন্তর্জাতিক বাজারমূল্য ওঠানামা করে, যার প্রভাব আমাদের ওপরও পড়ে। তবে সরকার এই পরিস্থিতি সামাল দিতে সচেষ্ট রয়েছে।
খুব শীঘ্রই জ্বালানি সংকটের স্থায়ী সমাধান মিলবে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, যারা আমদানির সাথে যুক্ত, মূলত তাদের নানা অনিয়মের কারণেই এসব জটিলতা তৈরি হয়েছে। তাই কেবল অহেতুক সমালোচনা না করে দেশের বর্তমান বাস্তব অবস্থা অনুধাবন করতে হবে এবং সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন, বর্তমান যেকোনো দুর্যোগ ও সংকট মোকাবিলা করে দেশবাসীকে স্বস্তি দিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
‘লাভ শেয়ার বিডি’-র পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত ও সিনিয়র সচিব মুসফিকুল ফজল আনসারী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীনসহ অন্যান্য অতিথিরা।
মতামত