জয়পুরহাটের কালাই উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভিলাষ’-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সংগঠনটির সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুলের গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভিলাষ’-এর সদস্যবৃন্দ। কর্মসূচির আওতায় কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, কাঠবাদাম, জাম, জলপাই, জয়তুন, বকুলসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুলের গাছের চারা রোপণ করা হয়।
সংগঠনটির সদস্যরা জানান, পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেই তাদের এ উদ্যোগ। তাদের বিশ্বাস একটি গাছ, একটি প্রাণ, একটি সুন্দর ভবিষ্যৎ।
তারা বলেন, আজ লাগানো একটি গাছই আগামী দিনের নির্মল বাতাস ও সবুজের আশ্রয় হয়ে উঠবে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পৃথিবী গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
উল্লেখ্য, ‘অভিলাষ’ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২২ সালের ২৮ মে কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দরিদ্র মানুষের সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটির সদস্যদের প্রত্যাশা, ছোট ছোট মানবিক উদ্যোগের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাদের মতে, ‘অভিলাষ’ শুধু একটি সংগঠন নয়, বরং মানবতার এক প্রতিচ্ছবি, যা একদিন বৃহত্তর সমাজে ভালোবাসা, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেবে।
মতামত