পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কপুরকাঠি ও শৌলা গ্রামের ৫ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী খালে স্লুইস গেট ও ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। এতে কয়েকশ কৃষক অংশ নিয়ে দ্রুত স্লুইস ও ব্রিজ নির্মাণের দাবি জানান।
কৃষকদের অভিযোগ, খালে স্লুইসগেট না থাকায় পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যখন জমিতে পানির প্রয়োজন হয় না, তখন খালে পানি বেড়ে গিয়ে কৃষিজমি প্লাবিত করে। এতে রবিশস্যসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। আবার প্রয়োজনের সময় পর্যাপ্ত পানি না পাওয়ায় চাষাবাদেও ব্যাহত হচ্ছে।
স্থানীয় কৃষক শাহিন মাতব্বর বলেন, এ এলাকায় প্রায় ১০০০ থেকে ১৫০০ কৃষক ১০০-১৫০ একর জমিতে রবিশস্য চাষাবাদ করা হয়। কিন্তু পানি নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় কৃষকরা ভালোভাবে চাষাবাদ করতে পারছেন না। ফলে প্রতিবছর তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়।
তিনি আরও বলেন, খালের ওপর ব্রিজ না থাকায় কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর, ধান ভাঙার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম ও কৃষিপণ্য আনা-নেওয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। এমনকি কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে যায়।
স্থানীয় বেল্লাল চৌকিদার বলেন, যখন পানির প্রয়োজন হয় না, তখন পানি উঠে আমাদের রবিশস্য নষ্ট করে দেয়। আবার যখন পানির প্রয়োজন হয়, তখন পানি পাওয়া যায় না। এখানে একটি স্লুইসগেট নির্মাণ করা হলে পানি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর ব্রিজ হলে কৃষিপণ্য ও কৃষি উপকরণ সহজে আনা-নেওয়া করা যাবে।
কৃষকরা জানান, স্লুইসগেট ও ব্রিজ নির্মাণ করা হলে একদিকে যেমন জলাবদ্ধতা ও অতিরিক্ত পানি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, অন্যদিকে কৃষিপণ্য দ্রুত ও সহজে বাজারজাত করা যাবে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষকরা আরও বেশি জমিতে চাষাবাদে উৎসাহিত হবেন।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষক ও এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে খালে স্লুইসগেট ও ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মতামত