পটুয়াখালীর বাউফলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
অনুষ্ঠানে ইউএনও সালেহ আহমেদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, নজরুলের সাহিত্য অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালি জাতির সাংস্কৃতিক ও মানবিক চেতনাকে সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, কালাইয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
মতামত