নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল উপলক্ষে তাহেরিয়া বদরুল আলম রোনা সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে এ জুলুসের আয়োজন করা হয়।
জুলুসে চিলাহাটি ও আশপাশের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও নবীপ্রেমী মানুষ অংশ নেন। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জুলুসটি চিলাহাটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা দরুদ ও সালাম পাঠ করেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে জুলুসের পথ।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। তাঁর জীবনাদর্শ, ন্যায়, শান্তি, মানবিকতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
জুলুসকে ঘিরে আয়োজকদের পক্ষ থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়।
পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
মতামত