হাইকোর্টে রায় ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুসরাত জাহান রাফির মা শিরিন আক্তার অঝোর ধারায় কাঁদতে কাঁদতে আলহামদুলিল্লাহ পাঠ করেন এবং আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তবে একই সাথে তিনি তাঁর পরিবারের ওপর তৈরি হওয়া সরাসরি প্রাণনাশের হুমকি নিয়ে চরম আকুতি জানান।
তিনি বলেন, "আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সন্তুষ্ট এ রায়ে যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে আজকে। আমরা এই রায়ে আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমরা জানি আমরা ন্যায়বিচার পাব।"
শিরিন আক্তার অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ বা আসামিপক্ষের লোকজন তাঁর বাকি তিন ছেলেকে সরাসরি গুলি করে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এমনকি তাঁদের বসতবাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।
বিগত সাত বছর ধরে নিরাপত্তায় থাকলেও বর্তমান পরিস্থিতিতে হুমকি বেড়ে যাওয়ায় তিন ছেলের সুরক্ষায় নিরাপত্তাবেষ্টনী আরও জোরদার করার জন্য প্রশাসন ও মাননীয় প্রধান বিচারপতির কাছে আকুল আবেদন জানান তিনি।
এক সন্তানকে হারিয়ে যে অপরিসীম কষ্টের মধ্য দিয়ে তিনি দিন কাটাচ্ছেন, আর কোনো সন্তানকে হারানোর শোক সহ্য করার শক্তি তাঁর নেই বলে কান্নায় ভেঙে পড়েন।
মতামত