প্রতিদিন নানা কথা, অভিযোগ আর গল্পের ভিড়ে অন্যের কথা মন দিয়ে শোনার সময় কতটা বের করা হয়—এ প্রশ্ন সামনে নিয়েই পালিত হয় ‘ন্যাশনাল ডে অব লিসেনিং’ (National Day of Listening) বা মন দিয়ে শোনার দিবস। পরিবারের সদস্য, বন্ধু কিংবা সহকর্মী—অনেকেই সব সময় পরামর্শের বদলে চান এমন একজনকে, যিনি তাঁর কথা মনোযোগ দিয়ে শুনবেন।
প্রতিবছর যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের পরের শুক্রবার দিবসটি পালিত হয়। সাধারণত নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ডে পালিত হয়; ২০২৬ সালে দিবসটি ২৬ নভেম্বর পালিত হয়েছে। ২০০৮ সালে অলাভজনক প্রতিষ্ঠান স্টোরিকর্পস (StoryCorps) এই উদ্যোগ চালু করে। মানুষের ব্যক্তিগত গল্প, অভিজ্ঞতা ও স্মৃতি মনোযোগ দিয়ে শোনা এবং তা সংরক্ষণ করাই এর মূল লক্ষ্য, যাতে পরবর্তী প্রজন্ম সেসব অভিজ্ঞতা থেকে জানতে পারে।
ব্যস্ত নগরজীবনে কর্মক্ষেত্রের চাপ, যানজট, পারিবারিক দায়িত্ব ও ডিজিটাল যোগাযোগের ভিড়ে কথা বলার সুযোগ থাকলেও মন খুলে কথা বলার পরিবেশ অনেক সময় তৈরি হয় না। একই ঘরে বসে থেকেও পরিবারের সদস্যরা মোবাইল ফোনে ব্যস্ত থাকেন। সন্তান স্কুলের অভিজ্ঞতা জানাতে চাইলে অভিভাবকের ব্যস্ততায় তা অনেক সময় উপেক্ষিত হয়; আবার বয়স্ক মা-বাবার পুরোনো দিনের গল্পও অনেক সময় শোনার মানুষ পায় না।
কর্মক্ষেত্রে সহকর্মীর কথা না শুনে সিদ্ধান্ত নেওয়া বা অধস্তন কর্মীর মতামত এড়িয়ে চললে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। একইভাবে বন্ধুত্ব ও দাম্পত্য সম্পর্কেও পারস্পরিক মনোযোগ জরুরি।
মন দিয়ে শোনা মানে কেবল চুপ করে বসে থাকা নয়; বরং বক্তার কথার প্রতি মনোযোগ দেওয়া, মাঝপথে বাধা না দেওয়া, নিজের মত চাপিয়ে না দেওয়া এবং তাঁর অনুভূতি বোঝার চেষ্টা করা। কথা বলার সময় মোবাইল ফোন সরিয়ে রাখা, চোখের দিকে তাকিয়ে কথা শোনা এবং প্রাসঙ্গিক প্রশ্ন করা ভালো শ্রোতা হওয়ার গুরুত্বপূর্ণ অংশ।
দিবসটি উদ্যাপনে বড় কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, সন্তানের দিনের গল্প শোনা, মা-বাবার জীবনের পুরোনো অভিজ্ঞতা শোনা কিংবা বন্ধুর মনের কথা মন দিয়ে শোনাই যথেষ্ট। ইচ্ছা করলে পরিবারের বয়স্ক সদস্যদের স্মৃতি ও অভিজ্ঞতা মোবাইল ফোনে রেকর্ড করেও রাখা যায়।
প্রতিটি মানুষেরই বলার মতো গল্প রয়েছে—সেই গল্প শুনতে প্রয়োজন কেবল একটু সময়, মনোযোগ ও আন্তরিকতা। কখনো কখনো কাউকে বোঝার সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের কথা বলার বদলে তাঁর কথা শোনা।
মতামত