সাম্প্রতিক নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা রোধে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলগুলোতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্তে নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ থেকে ২১ নভেম্বরের মধ্যে থানা, হাসপাতাল, পরিবহন সেবা, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ধারাবাহিক হামলা ও ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তা জোরদারের এই উদ্যোগ নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয়, সমুদ্রবন্দর ও শিল্পাঞ্চলগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
সহিংসতা রোধ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন রয়েছে দুই ব্যাটালিয়ন সদস্য। মাঠ পর্যায়ের অভিযান সমন্বয় ও পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি ড্রোন, বডিওর্ন ক্যামেরাসহ প্রযুক্তিনির্ভর নজরদারি চালু করেছে।
অন্যদিকে, শিল্পাঞ্চল ও সরকারি অবকাঠামো পাহারা দিতে নয়টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৫৩ প্লাটুন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সম্প্রতি কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে সীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইন ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি ও জোরালো টহলের নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরিদর্শনকালে তিনি বিলোনিয়া ও আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট এবং কয়েকটি সীমান্ত ফাঁড়ি ঘুরে দেখেন এবং যেকোনো হুমকি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।
গোপালগঞ্জের দুটি থানায় অগ্নিসংযোগের ঘটনার পর জেলাটি পরিদর্শনে গিয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পুলিশের থানায় আগুন দিলে কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করা হবে—এমন প্রশ্ন তুলে তিনি গোপালগঞ্জের বাসিন্দাদের নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এদিকে রাজধানীতে নাশকতা, অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক পাচার, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। গত রোববার অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি নিজ নিজ এলাকায় অভিযান জোরদারের নির্দেশ দেন।
তাৎক্ষণিক নিরাপত্তা অভিযানের পাশাপাশি পুলিশ সদরদপ্তর বাহিনীর কাঠামোগত সংস্কারের উদ্যোগ নিচ্ছে। গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে গঠিত আটটি উপকমিটির সুপারিশের ভিত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ ও রাজনৈতিক সহিংসতা দমন, সীমান্ত নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে পুলিশের জনবল, প্রশিক্ষণ, লজিস্টিকস এবং বডিওর্ন ক্যামেরা ও স্মার্ট ট্র্যাকিং সিস্টেমের মতো ডিজিটাল নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
মতামত